মতিনের জোড়া গোলে সেমিতে বাংলাদেশ
গোল করার লোক নেই। দেশের ফুটবলে যা বড় হাহাকার। তবে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে গোল নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশকে। মতিন মিয়া জোড়া গোল করলেন। ইব্রাহিমের পা থেকে এল আরো এক গোল। শ্রীলঙ্কাকে একরকম উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় জেমি ডের দল। তবে জয়ের মাঝেও অস্বস্তি হয়ে এসেছে শেষ দিকে দেশসেরা ডিফেন্ডার তপু বর্মনের লাল-কার্ড প্রাপ্তি। বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনালে তাকে পাবে না স্বাগতিকেরা।
নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ চার নিশ্চিত করে ফিলিস্তিন। বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বুরুন্ডির মুখোমুখি হবে। যারা গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচে প্রতিপক্ষের জ্বালে দিয়েছে মোট ৭ গোল।




