বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে পথচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াত নেতা আবু ছায়েম মোল্লা ও নসরু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় ও প্রতিষ্ঠানে নিয়মিত প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার উপায় সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।