এবার শ্রীলঙ্কার জার্সি নিয়ে আলোচনার ঝড়
টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সমালোচনার মুখে কয়েক দফা জার্সির ডিজাইন পরিবর্তন করেছে বিসিবি। এবার জার্সি নিয়ে আলোচনায় এসেছে শ্রীলঙ্কা। তবে সেটা বাংলাদেশের মত সমালোচনার খোরাক না। বরং প্রশংসায় ভাসছে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি।
গতকাল শুক্রবার নিজেদের জার্সি উন্মোচন করেছে শ্রীলঙ্কা। এই জার্সি দিয়েই চমক দেখিয়েছে দেশটি। সমালোচনার বদলে প্রশংসায় ভাসছে লঙ্কান ক্রিকেট বোর্ড। উজ্জ্বল রঙের এ জার্সির ডিজাইন অন্য দেশের ক্রিকেটপ্রেমীদেরও প্রশংসা কুড়িয়েছে।
শ্রীলংকার ঐতিহ্যবাহী গাঢ় নীল আর হলুদ রঙের মিশ্রণে জার্সিটি তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। জার্সিটি বানানো হয়েছে সাগরে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা দিয়ে। কচ্ছপসদৃশ নকশা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি দলটির সচেতনতার কথা প্রকাশ করা হয়েছে।
লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্লাস্টিকের পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করতে চায় তারা। সমুদ্রের প্রাণী ও পরিবেশ বাঁচাতে সবাইকে সাবধান হওয়ার পাশাপাশি সচেতনতার পরামর্শ দিতে চায় তারা।




