sliderস্থানিয়

সরকারি বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে: দেলাওয়ার হোসেন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত হলে সরকারি বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেছেন, সরকারি বরাদ্দের একটি পয়সাও তছরুপ করতে দেওয়া হবে না এবং কোনো বরাদ্দে দলীয়করণ করা হবে না। দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাই সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ডেবাডাঙ্গী এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।

বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, অতীতে বিভিন্ন দলের নেতারা সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারি বরাদ্দ বণ্টনে দলীয় বিবেচনার অভিযোগ রয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে তা জনগণের বিজয় হবে উল্লেখ করে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজব্যবস্থা প্রয়োজন। সমাজের নেতৃত্বে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে অধিকারবঞ্চিত হয়েছেন এবং নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন ২৯ অক্টোবরের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের নেতৃত্বে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অস্ত্রের রাজনীতিকে প্রশ্রয় দেয়, তাদের নেতৃত্বে জনগণ বারবার শোষণের শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয়করণে বিশ্বাসী নয়। দলটি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের প্রতিটি নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবেন। যারা আল্লাহকে ভয় করেন, তারা দুর্নীতি, অনিয়ম ও অন্যায় করবেন না এবং অন্যায় হতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত হলে দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রহিমানপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ। এ সময় জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েলসহ স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button