Uncategorized

অবসর ভেঙে ফিরলেন লিওনেল মেসি

অবসর ভেঙে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই দেখালেন পুরোনো জাদু। তার দেয়া একমাত্র গোলে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। এ জয়ের মাধ্যমে নিজেদের অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষস্থানে উঠে এসেছে তারা।
এই ম্যাচ দিয়ে মেসির ক্যারিয়ার যেমন নতুনভাবে শুরু হলো, তেমনি শুরু হলো এদগার্দো বাউজার চ্যালেঞ্জও। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হলো তার।
এ দিকে মেসির গোলে আর্জেন্টিনা ম্যাচটি জিতলেও, এই ম্যাচে মেসির খেলা নিয়েই ছিলো সংশয়। তার বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটটা ভোগাচ্ছিলো। তারপরও অবশ্য বাউজা বলছিলেন যে, মেসি হয়তো শেষ পর্যন্ত মাঠে নামবেন। সেটাই হলো এবং তার গোলেই বিশ্বকাপ বাছাই পর্বে আরো একটা ধাপ পার হলো আর্জেন্টিনা।
চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি সার্জিও আগুয়েরো। হিগুইয়েন ছিলেন না আগে থেকেই। ফলে দলকে সফলতা এনে দেয়ার ভার পড়ে মেসির কাঁধেই। তার সঙ্গে যোগ্য সহচরের মতো খেললেন পাবলো দিবালা।
জুভেন্টাসের এই তরুণ মেসির সঙ্গে খেলে বুঝিয়ে দিয়েছেন যে, জাতীয় দলের ভার নেয়ার জন্য তিনিও প্রস্তুত। মেসির সঙ্গে তারও আজ অন্তত একটি গোল হতে পারতো। কিন্তু ৩২ গজ দূর থেকে নেয়া দিবালার একটি শট সাইডবারে লেগে বাইরে চলে যায়।
তারপরও আর্জেন্টিনা জিততে পারতো আরো একটি বড় ব্যবধানে। কিন্তু মেসির একটি জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে উরুগুয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়।
৪২ মিনিটে গিয়ে গোল করেন মেসি। এগিয়ে নেন দলকে। আর্জেন্টিনার সামনে সৃষ্টি হয় আরো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু দ্বিতীয় হলুদ কার্ড দেখে দিবালা মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা পরিণত হয় ১০ জনের দলে।
ফলে বাকিটা সময় রক্ষণভাগ ঠিক রেখে খেলায় মনোযোগ দেন মেসিরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button