
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলোয়ার হোসাইনের ছেলে অর্নব ইসলাম (১৩)। নিহত অর্নব মোটরসাইকেলের আরোহী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




