রংপুরে অনলাইনে ৯টি পশুর হাট চালু

রাহুল সরকার : রংপুর জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্য অনলাইনে নয়টি পশুর হাট চালু করা হয়েছে। জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ‘পশুরহাট’ নামে একটি অনলাইন পেইজ খুলে এই হাট চালু করেছে। ওই অনলাইন পেইজে পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর আশা করছে ওই অনলাইন গরুর হাটে ব্যাপক সাড়া পাওয়া যাবে।
জেলা প্রাণি সম্পদ দপ্তর জানিয়েছে- রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং জেলায় একটি অনলাইন পশুর হাট করা হয়েছে। ‘পশুরহাট’ নামক ওই অনলাইন পেইজের মাধ্যমে ক্রেতারা সহজেই গবাদি পশু ক্রয় করতে পারবেন। ওই হাট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। রংপুরসহ দেশের অন্যান্য স্থানেও গবাদিপশু পৌছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এসব বিষয়ে রেল বিভাগের সাথে যোগাযোগ করছে প্রাণিসম্পদ বিভাগ ।
সূত্রমতে জেলায় গরু, ভেড়া ও ছাগল রয়েছে এক লাখ ৯০ হাজার। আর জেলায় পশুর চাহিদা রয়েছে এক লাখ ৫০ হাজার। চাহিদা মিটিয়ে ৪০ হাজারের বেশি গরু-ছাগল উদ্বৃত্ত থাকবে। জেলায় খামারী এবং গরু পালনকারির সংখ্যা হচ্ছে ২৪ হাজার। প্রাণি সম্পদ দপ্তর গবাদিপশুর খামারী ও পালনকারিদের সাথে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব পশু পৌছে দেয়া হবে। বেশ কয়েকজন খামারী ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা দুর্যোগে অনলাইন পশুর হাট খামারীদের পশুর ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপশি করোনা সংক্রমণ ঝুঁকিও কমাবে। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খন্দকার শাহ জালাল জানান, অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি অনলাইন হাটের মাধ্যমের অনেকেই
কোরবানির পশু ক্রয় ও বিক্রয় করতে সক্ষম হবেন।




