sliderস্থানিয়

নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আটক অ্যাম্বুলেন্সচালক

তপন দাস, নীলফামারী: নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লাঞ্ছিত চিকিৎসক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল হাসপাতালটির রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

চিকিৎসকের অভিযোগ, নাঈম নামের এক অ্যাম্বুলেন্সচালক আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে ওই বিভাগে আসেন। এ সময় তিনি বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে অনাকাঙ্ক্ষিত হট্টগোল করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই চালক। একপর্যায়ে তিনি চিকিৎসকের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত নাঈমকে আটক করে নীলফামারী থানা পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, চিকিৎসকের কর্মস্থলে এমন হামলার অভিযোগে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দায়িত্ব পালনরত চিকিৎসকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসক ও রোগীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা আইনসম্মত উপায়ে মোকাবিলা করাই প্রত্যাশিত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button