sliderরাজনীতিশিরোনাম

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিদের মৃত্যুতে এবি পার্টির নিন্দা ও শোক

পতাকা ডেস্ক: সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই ঘটনায় সৌদি নাগরিকসহ আরও ১১ জন বিদেশি নাগরিক নিহত এবং প্রায় তিন শতাধিক বেসামরিক মানুষ আহত হওয়ার খবরেও দলটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা আহত বাংলাদেশিসহ সব আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতৃদ্বয় বলেন, রিয়াদ বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু এবং আরও ২৪ জনের আহত হওয়ার খবর প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। কোনো রাজনৈতিক বা সামরিক বিরোধের অজুহাতে নিরপরাধ বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

তাঁরা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। রিয়াদে আহত বাংলাদেশিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাসকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান তাঁরা।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, হুথি সশস্ত্র গোষ্ঠীর এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে চলমান সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বিবৃতিতে নেতৃদ্বয় নিহত বাংলাদেশিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি সৌদি আরবে কর্মরত ও বসবাসরত সব বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button