ইরাকে মার্কিন ঘাঁটিতে ১৫ রকেট হামলায় ৩ সেনা নিহত

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন মার্কিন এবং একজন ব্রিটিশ সামরিক সদস্য। আহত হয়েছে অন্তত ১০ জন। খবর আলজাজিরা।
ইরাকে মার্কিন সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র মাইলেস ক্যাগিনস এক টুইটার পোস্টে জানান, বাগদাদের উত্তরে ক্যাম্প তাজিতে অন্তত ১৫টি ছোট আকারের রকেট হামলা হয়। তবে বিস্তারিত কোনো কিছু জানাননি।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ কর্মকর্তাও হামলার ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঘটনার মূল্যায়ন ও তদন্ত চলছে। এর আগে আমরা কোনো ব্যবস্থা নিতে যাচ্ছি না।’
ইরাকি সামরিক বাহিনীর এক কমান্ডার জানান, গত অক্টোবর শেষ থেকে দেশটিতে মার্কিন ঘাঁটিতে এটি ২২তম রকেট হামলা।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র্যাব বলেছেন, যারা এই হামলা চালিয়েছে তাদের অবশ্য এর জন্য জবাবদিহি করতে হবে।
ক্যাম্প তাজি মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের ট্রেনিং ক্যাম্প হিসেবে পরিচিত। দেশটিতে এখনো ৬ হাজার মার্কিন সেনা রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতা করছে।
দুইদিন আগে আইএস বিরোধী অভিযানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। রবিবার উত্তর-মধ্য ইরাকের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ডিসেম্বরে আরেক হামলায় একজন মার্কিন টিকাদার নিহত হয়। ইরান সমর্থিত বাহিনী কাতায়িব হিজবুল্লাহ এই হামলা চালায় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ। ২০০৯ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শিয়া মিলিশিয়া সংগঠনটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।



