আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শুরুর আগেই ধাক্কা খেলো

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২১ দিন বাকি। মাঠের প্রস্তুতি চলছে দলগুলোর। ঘাম ঝরাচ্ছেন লিওনেল মেসিরাও। আর এই সময়ই ডান হাঁটুতে চোট পেলেন আর্জেন্টিনার অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরো। তা এতটাই গুরুতর যে, বিশ্বকাপের ২৩ জনের চূড়ান্ত দল থেকে ছিটকে গেলেন। যত দ্রুত সম্ভব বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নির্ভরযোগ্য এই ফুটবলারকে হারিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা শুরুর আগেই ধাক্কা খেলো। কারণ ২০১০, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক ছিলেন রোমেরো। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি।
মঙ্গলবার বুয়েনেসে অনুশীলনের সময় চোট পান এই রোমেরো। এক বিবৃতিতে এএফএ জানিয়েছেন, ‘তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের যে দল অংশ নেবে রোমেরোকে সেখান থেকে বাদ দেয়া হবে।’
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল থেকে তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বেশ শক্ত পরীক্ষাই দিতে হবে আর্জেন্টিনাকে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। আগামী ১৬ জুন মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।



