উপরাষ্ট্রপতিকে বিষপ্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করলেন জিম্বাবুয়ের ফার্স্টল্যাডি

জিম্বাবুয়ের উপরাষ্ট্রপতি এমারসন ম্যাগনাগাওয়ার আইসক্রিমে বিষ মিশিয়ে দেওয়ার দাবিকে প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি রবার্ট মুগাবের স্ত্রী।
ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যাগনাগাওয়া; যার ডাক নাম ‘কুমির’ এই সপ্তাহের শুরুতেই আইসক্রিমে বিষ মেশানোর অভিযোগ আনেন। যদিও তিনি ফার্স্টল্যাডি গ্রেস মুগাবের নাম বলেননি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাগনাগাওয়া বলেন, ‘আমার কাছে উপস্থিত ছিলেন এমন একজন মেডিকেল ডাক্তাররা বিষক্রিয়ার বিষয়টিকে নিশ্চিত করেছেন।’
এ ঘটনার ইঙ্গিত গ্রেস মুগাবের দিকে গেলে তিনি বলেন, ‘আমি ম্যাগনাগাওয়াকে মেরে ফেলার জন্য এক কাপ আইসক্রিম প্রস্তুত করতে পারি না। তিনি কে? আমি একজন প্রেসিডেন্টের স্ত্রী।’ রাজধানী হারারেতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে, গ্রেস মুগাবের বিরোধীতা করছেন বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে জিম্বাবুয়েকে শাসন করছেন। বর্তমানে বয়সের ভারে তিনি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছেন। ডেইলি সাবাহ/আমাদের সময়.কম



