পর্যায়ক্রমে মাধ্যমিকের সব বই পরিমার্জিত হবে : শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে মাধ্যমিক স্তরের সকল শ্রেণীর বই সুখপাঠ্য করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি মঙ্গলবার সকালে সচিবালয়ে ৯ম ও দশম শ্রেণীর ছয়টি বইয়ের পরিমার্জিত অনুলিপি ও ছাপার জন্য সিডি গ্রহণ করে এ কথা বলেন। পরিমার্জিত বইগুলোকে চমৎকার হিসেবে অভিহিত করেন শিক্ষামন্ত্রী।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক মো. কায়কোবাদের নেতৃত্ব একদল শিক্ষক ও বিশেষজ্ঞ উক্ত বইগুলো পরিমার্জনের কাজ করেন। ৯ম ও দশম শ্রেণীর পরিমার্জিত বইগুলো হলো রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিত। উক্ত শ্রেণীর শিক্ষার্থীরা ২০১৮ সালের জানুয়ারিতেই এসব পরিমার্জিত বই হাতে পাবে।
শিক্ষামন্ত্রী বলেন, দিনে দিনেই সব বই পরিমার্জন করা সম্ভব নয়, তবে করা হবে পর্যায়ক্রমে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে সম্পদ ও সামর্থ্যের। তিনি আরো বলেন, পরিমার্জনের ফলে শিক্ষার মান উন্নত হবে। শিক্ষার মান নিয়ে সর্বমহলের প্রশ্ন সম্পর্কে তিনি বলেন, শিক্ষার মান বাড়ছে, কমছে না। তবে, যা দরকার তা হয়তবা এ মুহূর্তেই হচ্ছে না। সারা বিশ্বের বা যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে না। শিক্ষার মান উন্নয়নে নতুন এ সব বই অবশ্যই ভূমিকা রাখবে।
পরিমার্জন কমিটির প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইটি শিক্ষক অধ্যাপক মোঃ কায়কোবাদ বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়বে।
কমিটির অন্যতম হযরত শাহজালাল(রহঃ) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আশা করি বইগুলো নির্ভুল হবে। বই পরিমার্জনের সাথে সম্পৃক্ত থাকাকে তিনি তার জীবনের সবচেয়ে আনন্দময় কাজের অন্যতম বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, সদস্য প্রফেসর ড. ইনামুল হক ওরফে রতন সিদ্দিকি প্রমুখ।



