আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র ওয়ানডেতে হেসে-খেলেই জিতলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে আইরিশদের দেয়া ১৯৯ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে ৩০ ওভারেই টপকে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ৪৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ড স্কোরে জমা করেছিল ১৯৮ রান। উসমান খাজার ৮২* ও অধিনায়ক স্টিভেন স্মিথের ৫৯* রানেই ম্যাচ মুঠোয় পুরো তারা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে তারা যোগ করে ৪৭ রান। পল স্টারলিং (৩০) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিও বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল তাদের। তবে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (২৪) ফিরে যাওয়ার পর ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইন। অ্যাডাম জাম্পার (৩/৩৭) ঘূর্ণির সঙ্গে জন হ্যাস্টিংস (২/৩১) ও স্কট বোল্যান্ডের (২/৪২) পেস আগুনে আর কেউই দাঁড়াতে পারেননি।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। ৩০ বলে ৪৮ রান করে ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও হার না মানা হাফসেঞ্চুরির ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উসমান খাজা ও স্মিথ।




