
রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাধুর্য্য (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৬ আগস্ট ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হারাগাছ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বানুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাধুর্য্য বানুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার পিতার নাম মোঃ আনিসুর রহমান এবং মাতার নাম মোছাঃ গোলাপি বেগম। তারা বানুপাড়া পাটোয়ারিটারি এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, মাধুর্য্য রাস্তা পার হওয়ার সময় রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মাধুর্য্য গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং তাৎক্ষণিকভাবে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হারাগাছ থানার অফিসার ইনচার্জ ও মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এসআই মোঃ মাহাবুর রহমান নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সনদ সংগ্রহ করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পোস্টমর্টেম না করেই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হারাগাছ থানার পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ালেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




