
পতাকা ডেস্ক: জনপ্রিয় ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদের লাশ দেশে এসেছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গায়ককে বহন করা উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে একটি হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস তারকা এরশাদুল হক টিংকু গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দেশে পৌঁছেছে শাফিন ভাইয়ের লাশ। পরে বিমানবন্দর থেকে উত্তরার বাসায় কফিন নেওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে তার লাশ।
এরশাদুল হক টিংকু আরও জানান, মঙ্গলবার (৩০ জুলাই) জোহরের নামাজের সময় তার মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এরে আগেই শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন তাদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।
পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।
বলা দরকার, যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিলো ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের আগেই হোটেল রুমে অসুস্থ হন গায়ক। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৫০ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে।



