
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক গ্রামের মৃত সমন খাঁর ছেলে বাবুল হোসেন (৪১) এবং সিংগাইর পৌরসভার আজিমপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. সালমান হোসেন (২২)।
বুধবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীর টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ শেখর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




