আফগান তরুণের আঘাতে লণ্ডভণ্ড স্কটল্যান্ড

অভিজ্ঞ মোহাম্মদ নবী নন, এমনকি মোহাম্মদ শেহজাদও নন আফগানিস্তানকে চতুর্থ ওয়ানডেতে জয়ের আনন্দে ভাসালেন এক তরুণ আফগান। যার বয়স এখনো আঠারো ছোয়নি। ব্যাটিং-বোলিংয়ে লণ্ডভণ্ড করে দিলেন স্কটল্যান্ডকে। ৮৯ রানে জয় পেল আফগানরা।
যার ফলে ২-১ এ এগিয়ে আফগানরা।
রোববার টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ভালোই করে শেহজাদ ও নুর আলী। পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন হয়। দলের সংগ্রহ যখন ৫৪ তখন দ্বিতীয় উইকেটে সাজঘরে ফিরেন শেহজাদ। তবে দলের সংগ্রহের গতি খুব একটা ধীর হয়নি। কিন্তু ১৯ ও ২০ ওভারে দুটি উইকেটের পতন হলে রানের গতি একটু কমে যায়। তবে মোহাম্মদ নবী এসে রানের চাকা সচল করেন।
৩১ ওভারে রহমত শাহ সাজঘরে ফিরলে নবীর সঙ্গী হন ১৭ বছর বয়সী রশিদ খান।
এই জুটি দলকে অনেকটা এগিয়ে দেন।
অর্ধশত করেন নবী। ৬৭ বলে তার অর্ধশতে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা ছিল। এরপরই আউট হন তিনি।
কিন্তু তখনও ক্রিজে ছিলেন রশিদ খান। এই তরুণের অসাধারণ ব্যাটিংয়ে দল ভালো সংগ্রহ দাড় করায়। ৪৪ বলে পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় ৬০ রান করে অপরাজিত ছিলেন তিনি। দলে সবচেয়ে বেশি অবদান ছিল তারই।
ব্যাটের পর বল হাতেও চমক দেখান তিনি। স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধ্বসও নামান তিনি। পর পর চার-চারটি উইকেট তুলেন তিনি একাই। আট ওভার বল করে তিনি দিয়েছেন ২৮ রান। তার বোলিং তাণ্ডবে ১৫০ রানে শেষ হয় স্কটল্যান্ডের ইনিংস। ৮৯ রানে জয় পায় আফগানিস্তান।




