রোনাল্ডোকে ভয় পাচ্ছে ফরাসিরা!

প্রায় ছয় দশক প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে জিততে পারেনি ফরাসিরা৷
নিজেদের দেশের মাটিতে চলতি ইউরো কাপে ৫৮ বছরের জয়-খরা কাটানোর উচ্ছ্বাসে ভাসছে ফ্রান্স।
তবে পর্তুগালের বিপক্ষে ফাইনাল ম্যাচটি খুব চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন এই মুহূর্তে ফ্রান্সের
তুরুপের তাস অ্যান্তিয়ানো গ্রিজমান। সতীর্থদের পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্ব
চ্যাম্পিয়নদের হারিয়ে দলকে ফাইনালে তোলার নায়ক। ট্রফি জয়ের আগে আত্মতুষ্টির কোনো জায়গা
নেই বলেই মনে করেন তিনি৷
গ্রিজমানের জোড়া গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে আয়োজক ফ্রান্স। ১৯৫৮
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর জার্মানির বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম
জয় পেল দু’বারের ইউরো চ্যাম্পিয়ন দলটি।
গ্রিজমান বলেন, ‘আমাদের এখন বিশ্রাম নিতে হবে এবং এরই মধ্যে ফাইনাল নিয়ে ভাবতে শুরু
করেছি আমরা।’
দলকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতিয়ে ইতিহাসে নাম লেখাতে উন্মুখ ফ্রান্সের
খেলোয়াড়রা। তবে পর্তুগালের বিপক্ষে ফাইনালটি সহজ হবে না বলে মনে করেন গ্রিজমান। তাঁর
কথায়, ‘এটা খুব কঠিন হবে। পর্তুগালের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা ফিফটি-ফিফটি। একটি ফাইনালে যে
কোনো কিছুই ঘটতে পারে। একটিই ম্যাচ। আমরা খুব খুশি এবং আমরা এখন ১০ জুলাই ফাইনালের
দিন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করতে পারি, কিন্তু আমাদের পা মাটিতে রাখতে হবে। এখনও একটি ম্যাচ
বাকি আছে আমাদের।’
ফাইনালের আগে নিজেদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করতে সময়টা একটু কম হয়ে গেছে
বলে মনে করেন দিদিয়ের দেঁশ। ফ্রান্সের এই কোচও ট্রফি জয়ে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন।
তিনি বলেন, ‘আমাদের সুযোগ আছে এবং পর্তুগালেরও সুযোগ আছে। আমরা হোম টিম এবং
জার্মানিকে হারানোটা আমাদের বাড়তি শক্তি দেবে না। পর্তুগালের নিজেদের উপর বিশ্বাস আছে,
আমাদেরও তাই আছে।’




