slider

হরিরামপুরে নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র চাঁদা দাবি করেছে বলে জানা গেছে। সোমবার দুপুরে একটি প্রতারক উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে প্রকল্পের প্রলোভন দেখিয়ে টাকার দাবি করেন।
জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক, বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া ও হারুকান্দি ইউনিয়নের শেখ মোশারফ হোসেনের মোবাইলে ফোন করে প্রকল্পের কথা বলে টাকা চায়।
এ ব্যাপারে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক বলেন, “আজ দুপুর ২টার দিকে আমার মোবাইলে ফোন করে একটি প্রকল্পের কথা বলে পঞ্চাশ হাজার টাকা চায়। প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে চাইলেই দ্রুত লাইনটি কেটে দেয়। সাথে সাথে আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই।”
বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া জানান, “আমার মোবাইলেও ফোন আসছিল। হ্যালো হ্যালো বলতে বলতেই লাইনটি কেটে গেছে। তবে রূপক গাজী আমাকে বলতে ছিল যে ওর কাছে এ ধরনের ফোন আসছে। এর মাঝেই আমার নাম্বারে ফোন আসে।”
এছাড়াও হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনকেও ফোন দেয়া হয়েছে বলেও জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, “একটি প্রতারক চক্র তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে প্রকল্পের কথা বলে টাকা দাবি করেছে বলে আমাকে জানায়। এ বিযয়ে লিখিতভাবে জিডি করিনি। তবে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করে রেখেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button