
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে রেল গেইট নামক স্থান থেকে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মোঃ মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মানিক হোসেন (৩৮)। তাদের সবার থানা ও জেলা ঠাকুরগাঁও।
পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টের রায়ে ১ নম্বর আসামি মোঃ জবাইদুর রহমান ও ২ নম্বর আসামি মোঃ মেহেদী হাসানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে, ৩ নম্বর আসামি মোঃ মানিক হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোঃ মানিক হোসেনের বিরুদ্ধে এর আগেও দস্যুতার একটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঠাকুরগাঁওয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বহন, সেবন ও মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



