ধামইরহাটে আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিভিন্ন পদ থেকে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামীলীগের ১১জন নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম। এসময় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী মোট ১১জনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন- ১নম্বর ধামইরহাট ইউনিয়নের সাবেক সভাপতি এটি.এম বদিউল আলম, ২নম্বর আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়ন আ.লীগের প্রাথমিক সদস্য বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মুছা, ৪নম্বর উমার ইউনিয়নে উপজেলা আ.লীগের সহকারি প্রচার সম্পাদক মো. মাসুদুর রহমান সরকার ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাহারুল ইসলাম, ৫নম্বর আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমান ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রকেট, ৬নম্বর জাহানপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য মো. ওসমান আলী, ৭নম্বর ইসবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েশ বাদল ও ৮নম্বর খেলনা ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আব্দুস ছালাম।




