জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীদের অবস্থান গ্রহণ ও বিক্ষোভ মিছিল : ভর্তি অনিশ্চিত

মানিকগঞ্জ প্রতিনিধি : বয়স সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১১ বছর হওয়ার বাধ্যবাধকতা থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে গিয়ে ভর্তি ফরম তুলতে না পেরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
অভিভাবকরা প্রধান শিক্ষককে আল্টিমেটাম দেন এবং জেলা প্রশাসকের সাথে দেখা করে তাদের দাবি জানান।
ভুক্তভোগী অভিভাবক কামরুল হাসান সুমন বলেন, ’আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত লটারিতে আমার সন্তান ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত হয়েছে। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা খুশী হয়েছিলাম। কিন্তু ছেলেকে নিয়ে ভর্তি করাতে বিদ্যালয়ে গেলে তারা ফরম দেয়নি। তারা বলছে, আমার ছেলের বয়স কম। তাহলে প্রথম শ্রেণীতে ভর্তির সময় কেউ বলেনি কেন? এখন আমার ছেলের লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে?’
অপর অভিভাবক নাসরিন আক্তার বলেন, ‘আমার সন্তান ভর্তি সুযোগ পেয়েও বয়সের জটিলতার কারণে ভর্তি করতে পারছি না। এখানে আমার কিংবা আমার ছেলের তো কোনো দোষ নেই। তাহলে আমার ছেলের এখন কী হবে? বয়স যদি কম থাকে, তাহলে লটারির আগে কেন বলেননি, অনলাইনে ওকে করা হলো কেন?’
কামরুল হাসান, নাসরিন আক্তারের মতো অন্যরাও একই ধরনের অভিযোগ করেন।
অভিভাবক আরোমা দিপালী বলেন, ‘শহরের এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়েও ১১ বছরের কম শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে এবং আমাদের কাছে প্রমাণপত্র আছে। তাহলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি করতে সমস্যাটা কোথায়?’
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন বলেন, ‘জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর। সেই হিসেবে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর ভর্তির বয়স নির্ধারিত হবে এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় তার বয়স হতে হবে কমপক্ষে ১১ বছর। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লটারিতে ষষ্ঠ শ্রেণীতে ৩৫৮ জন ভর্তির জন্য মনোনীত হয়। প্রভাতী শাখায় ১৮০ জন এবং দিবা শাখায় ১৭৮ জন। ভর্তির ফরম বিতরণ ও জমা নেয়া শুরু হয়েছে ২০ ডিসেম্বর থেকে। ভর্তির শেষ তারিখ আগামীকাল ২৩ ডিসেম্বর। ভর্তির নীতিমালা অনুযায়ী, এবার ষষ্ঠ শ্রেণীতে বয়স ১১ বছরের নিচে থাকায় ৮৭ জনকে আমরা ভর্তির ফরম দিতে পারিনি। চলমান সমস্যার বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি।’
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১১ হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। একারণে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নীতিমালা নিয়ে সৃষ্ট সমস্যা শুধুমাত্র মানিকগঞ্জের নয়। দেশের অন্যান্য যায়গাতেও সমস্যা হচ্ছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। নিশ্চয়ই এ ব্যাপারে আমরা নির্দেশনা পাবো।’



