Uncategorized
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নোয়াখালীতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবলীগ। রোববার বিকাল সাড়ে ৩টায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে জেলা আ.লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, একেএম সামছুদ্দিন জেহান প্রমূখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে, সর্বশেষ তার ভাষ্কর্য ভেঙে এ দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




