মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ০৩:০০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।
সভায় কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল। তিনি জানান, এ পর্যন্ত কাজিপুরে মোট ৪৬৭ জন রোগী ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
ডা. মো. রাসেল আরও জানান, আক্রান্তদের বেশির ভাগই ঢাকা ও গাজীপুর থেকে ডেঙ্গুতে সংক্রমিত হয়ে বাড়ি ফেরার পর কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলাজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান এবং সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও বাসাবাড়ির চারপাশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।