শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জেলার ভোলাহাটে দুর্বৃত্তরা চার বন্ধুকে আহত করে তাদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন ভোলাহাট উপজেলার ঝাউবোনা এলাকার হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) ও মোবাচ্ছের (১৯)। গুরুতর আহত হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে দুই মোটরসাইকেলে করে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলি বিলে বেড়াতে যাচ্ছিলেন। পথে তালপল্লি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে চার বন্ধু আহত হন। পরে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, খবর পেয়ে বিলের সড়কে চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।