শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মো. মোজাহারের ছেলে ইজিবাইক চালক বাবলু (২৮)।
আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাতপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
ওসি হারুন জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।