sliderস্থানিয়

কাজিপুরে সারের চালান পাচারকালে ৩ ভ্যানচালক আটক, জরিমানা

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বেআইনিভাবে সার বহনের দায়ে তিন ভ্যানচালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। আদালত ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত তিন ভ্যানচালকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নাটুয়ারপাড়া এলাকার মৃত জোহর আলীর ছেলে হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের ছেলে নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিলন রানা।

অভিযানে উপস্থিত কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে ওই তিন ভ্যানচালক সারের বস্তাগুলো বোঝাই করে তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় পৌঁছালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ভ্যান তিনটি আটকে সারের চালানটি জব্দ করে। পরে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাসহ চালকদের নিজেদের হেফাজতে নেন।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, “জব্দকৃত ৪৮ বস্তা ডিএপি সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ মোট ৫০ হাজার ৪০০ টাকা ইতিমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা সারের অবৈধ মজুদ গড়ে তুলবে কিংবা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনাকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় সহায়তা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button