sliderস্থানিয়

মধ্যনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি: নামজারি করে দিতে চাওয়া হয়েছিল ৫০ হাজার টাকা| টাকা দিতে রাজি না হওয়ায় নামজারি আবেদন করা হয় নামঞ্জুর| একই বণ্টননামা ও মালিকানা কাগজের ভিত্তিতে ভাইয়ের নামজারি মঞ্জুর হলেও নিজের আবেদন নামঞ্জুর হওয়ায় প্রশ্ন তুলেছেন বিশ্বজিৎ সরকার নামে এক কৃষক| এখানেই শেষ নয়, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং অনুমোদনের আবেদন করার পর মাত্র একদিনের মধ্যে সেটিও বাতিল করা হয়েছে| এমনই গুরুতর অভিযোগ ওঠেছে সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে| বিশ্বজিৎ উপজেলার চামরদানি ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পুতুল সরকারের ছেলে|

বিশ্বজিৎ তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, গত ১ আগস্ট বিশ্বজিৎ নিজের নামে তিনটি ক্রয় দলিল এবং সহোদর ভাইদের সঙ্গে বণ্টননামা দলিলের মাধ্যমে পাওয়া মোট ২৭৫ শতাংশ জমির নামজারির জন্য আবেদন করেন (নং-৪২৩৯৮৩৮)| যা তদন্তের জন্য সারোয়ারের কাছে পাঠানো হয়| কিন্তু সারোয়ার বিশ্বজিৎকে একাধিকবার ফোন করে তার অফিসে এবং অফিসের সামনের রাস্তায় দেখা করতে বলেন| বিশ্বজিৎ দেখা করলে সারোয়ার বিশ্বজিতের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন| বিশ্বজিৎ ৬ থেকে ৭ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে সারোয়ার তাতে রাজি হননি| এদিকে গত ১৭ আগস্ট ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং অনুমোদনের আবেদন করেন বিশ্বজিৎ| কিন্তু পরদিনই আবেদনটি বাতিল করেন সারোয়ার|

বিশ্বজিৎ সরকার বলেন, একই দলিল ও সংশ্লিষ্ট মালিকানা কাগজের ভিত্তিতে আমার ভাইয়ের নামে নামজারি মঞ্জুর হয়েছে| পরবর্তীতে ভাই সেই জমি অন্যত্র হস্তান্তরও করেছেন| আমার বিরুদ্ধে খাজনা পরিশোধ না করার অভিযোগ তুলে নামজারি আবেদন না মঞ্জুর করেছেন এবং আমার ভাইয়ের নামজারি নাকি ভুলবশত করেছেন| তাই তিনি (সারোয়ার) প্রয়োজনে আমার ভাইয়ের নামজারি খতিয়ান, বণ্টননামা ও হস্তান্তর দলিল বাতিল করে দেওয়ারও হুমকি দিয়েছেন|
মধ্যনগর

অভিযুক্ত গোলাম সারোয়ার বলেন, ‘আমি ৫০ হাজার টাকা দাবি করেছি তার প্রমাণ দিতে পারবেনা| বিশ্বজিতের ভাইয়ের বাটোয়ারা দলিলটি সম্প্রতি হওয়ায় আমি ধরে নিয়েছিলাম উক্ত জায়গার খাজনা পরিশোধ করা হয়েছে এবং সরলমনে তা মঞ্জুর করেছি| সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পেলে তা বাতিল করা হবে| আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|’

বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদার জানান, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুযায়ী বণ্টননামা হস্তান্তর দলিল নয়| তাই বণ্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের রশিদ বাধ্যতামূলক নয়| ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩-এর ৬(২) ও ৬(৩) ধারার বিষয়টিও তিনি উল্লেখ করেন|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button