রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে রুপালি বেকারিকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করে।
২৮ সেপ্টেম্বর বিকেলে কটিয়াদী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীর সূত্র থেকে জানা যায়, কটিয়াদী রূপালী বেকারি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করছিল। পাশাপাশি খাদ্য তৈরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রং ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়েই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অভিযোগের সত্যতার প্রমাণ পায়। যার ফলে সংশ্লিষ্ট আইনে উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করে আদায় করা হয়।
অভিযান কালে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্য প্রস্তুতকারীদেরকে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য তৈরি ও বিক্রি করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।