কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি জিন্নাহ কবীর বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গাপূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপশক্তিকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপি অতীতেও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. রবি উজ্জ্বল, রবিন আহমেদ সামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বিএনপি নেতা ও সাবেক সেনা সদস্য মো. মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির এলিট সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পরে দৌলতপুর সার্বজনীন কালী মন্দির ও দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।