sliderস্থানিয়

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে কাজিপুরে প্রশাসনের বিশেষ প্রস্তুতি

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ বছর উপজেলায় মোট ২৩টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্প্রতি কাজীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভ্রাম্যমাণ পুলিশ টহল, স্বেচ্ছাসেবক বাহিনী এবং বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এবারের পূজায় সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর কুমার দেব খোকন জানান, প্রতিবছরই কাজীপুরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবারও সুন্দর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশ ও আনসার বাহিনীর টহল দল এবং বিসর্জনের দিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, শান্তিপ্রিয় পরিবেশে পূজা উদযাপন করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button