লুটেরাগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করছে সরকার-ন্যাপ
দেশী-বিদেশী লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষার করতেই গণবিরোধী সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্র করছে বলে মনে করে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জনস্বার্থ বিরোধী বর্তমান আওয়ামী সরকার আগের মেয়াদেও কয়েকবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছিল। গ্যাসের মূল্যবৃদ্ধি করতে সরকারের অজুহাত জনবিরোধী ও বেআইনি।
বুধবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে’ ন্যাপের ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ন্যাপের নগর কমিটির আহবায়ক সৈয়দ শাহজাহান সাজু।
গোলাম মোস্তফা বলেন, মাত্র ছয় মাস পূর্বে গ্যাসের মূল্যবৃদ্ধি করে এখন আবার মূল্যবৃদ্ধির প্রস্তাব জনগণের সাথে নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে প্রমাণিত হলো সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যেহেতু বিনাভোটে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, সেহেতু জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই। এসময় তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিলের আহবান জানান।



