রংপুরে তিস্তা নদী মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে পরামর্শক সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি : তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও কমিটি পূনর্গঠনের লক্ষ্যে সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। সভায় তিস্তা নদীর ডান ও বাম তীরে বসবাসরত শতাধিক মানুষ অংশ নেন।
রংপুর বিভাগীয় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহবায়ক নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পার্টির অশোক সরকার, বাসদের আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টির শাহাদৎ হোসেন, জাসদের সাখাওয়াত রাঙ্গা, আওয়ামীলীগের নাজমুল করিম দেওয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সফিয়ার রহমান প্রমূখ।
বক্তারা প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। তারা বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের সময় কুচক্রিমহল নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। তারা কুচক্রিমহলের সকল ষড়যন্ত্র প্রতিহত
করার আহবান জানান। এসময় তারা তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে তিস্তা ব্যারেজ থেকে শুরু করে নদীর দুই ধারে ১০২ কিলোমিটার জুড়ে মানব প্রাচীর কর্মসূচি পালন করারও ঘোষাণা দেন।
পরে তিস্তা নদীর ডান ও বাম তীরে বসবাসরত লোকজনকে নিয়ে ৩১ সদস্যের একটি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কমিটি পূনর্গঠন করা হয়। পূনর্গঠিত কমিটির আহবায়ক হন নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক সফিয়ার রহমান। এর আগে এই কমিটি শুধমাত্র ডান তীরের মানুষকে নিয়ে গঠিত হয়েছিল।




