
কাউছার মিয়া, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর নদীতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩শ টি চায়না দুয়ারি এবং ২টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার বাচামারা চরকাটারী এবং বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে দৌলতপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।




