
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড় পলাশবাড়ী (সরকার বস্তি) এলাকার মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমদ্দীন (৪৫) এবং মো. সুবাহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে অবস্থান করছিল। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অপর একজন পালিয়ে যায়।
পরে বিধি মোতাবেক আটক ব্যক্তিদের হেফাজতে থাকা সামগ্রী তল্লাশি করে মোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার ১৯ আগস্ট বিকেলে এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
পুলিশ জানায়, পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা নম্বর-২০/১৭৮, তারিখ ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




