মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার নাসির উদ্দিন আহাম্মেদ যাদুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের সেওতা বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
নাসিরের ছোট ভাই জিয়া উদ্দিন আহাম্মেদ কবীর বলেন, তাঁর ভাই নাসির উদ্দিন আহাম্মেদ যাদু অসুস্থ। তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা আছে। তিনি সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
জিয়া বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানা থেকে উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে যায়। পুলিশ সুপার তাঁকে দেখা করতে বলেছেন বলে তারা নাসিরকে নিয়ে যায় এবং মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আটকে রাখে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, নাশকতার মামলায় নাসির উদ্দিন আহাম্মেদ যাদুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নাসির উদ্দিন আহাম্মেদ যাদু টানা তিন বার মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। এরপর তিনি বিএনপির মনোনয়ন পেয়ে পরপর দুইবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন।




