বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের কাউলিকান্দা স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা ইলিয়াস মোল্লা, মো. হিরু ফকির, ইউনুস শেখ, যুবদল নেতা কামরুল ইসলামসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একই সঙ্গে দেশে কোনো ধরনের অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও তাঁরা সতর্ক করেন।

