জাহিদ, দক্ষিণ কোরিয়া : ভাড়া বাসার ভেতরে গাঁজা চাষ! মধ্য এশিয়ার দুই বিদেশি গ্রেপ্তার, টেলিগ্রামে বিক্রির অভিযোগ।
দক্ষিণ কোরিয়ায় সাধারণ মানুষের বসবাসের একটি ভিলার ভেতরে গোপনে গ্রিনহাউস তৈরি করে গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে মধ্য এশিয়ার দুই বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
খিয়ংগি প্রদেশের হোয়াসং (화성시) এলাকার একটি ভিলায় এই গোপন মাদক উৎপাদনের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত দুজনই কোরিয়ান বংশোদ্ভূত মধ্য এশিয়ার নাগরিক, যাদের কোরিয়ায় 고려인 বলা হয়।
২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তাঁরা বাড়ির একটি কক্ষে বিশেষ গ্রিনহাউস তৈরি করে ১২টি গাঁজার গাছ চাষ করেন। সেখান থেকে প্রায় ৪৯৬ গ্রাম শুকনো গাঁজা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
ঘরের ভেতরে গাঁজা চাষের জন্য তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের যন্ত্র, বিশেষ আলো, বাতাস চলাচলের ব্যবস্থা এবং গন্ধ দূর করার জন্য এয়ার পিউরিফায়ার পর্যন্ত বসানো হয়েছিল।
শুধু নিজেদের ব্যবহারের জন্য নয়, টেলিগ্রামের মাধ্যমে কোরিয়ায় বসবাসরত অন্যান্য বিদেশিদের কাছেও গাঁজা বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে তাঁদের বিরুদ্ধে ১৩ বার মোট ৩৮ গ্রাম গাঁজা বিক্রির তথ্য উঠে এসেছে।
একই সময়ে খিয়ংগি প্রদেশের ওসান (오산) এলাকার একটি বাণিজ্যিক ভবনেও গাঁজা চাষের আরেকটি চক্রের সন্ধান পাওয়া যায়। সেখানে ১৬টি গাঁজার গাছ চাষ এবং প্রায় ৪ কেজি শুকনো গাঁজা সংরক্ষণের অভিযোগ রয়েছে।
দুটি ঘটনার সঙ্গে জড়িত মোট চারজনকে গ্রেপ্তার করে বিচারের জন্য পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় গাঁজা চাষ, বিক্রি, কেনাবেচা ও সেবন গুরুতর অপরাধ। বিশেষ করে বিদেশি নাগরিকদের জন্য এমন অপরাধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে। কারাদণ্ডের পাশাপাশি ভিসা বাতিল ও কোরিয়া থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কেউ অল্প টাকার লোভ দেখিয়ে মাদক পরিবহন, বিক্রি কিংবা সংরক্ষণের প্রস্তাব দিলে কখনোই রাজি হবেন না। একটি ভুল সিদ্ধান্ত আপনার দীর্ঘদিনের প্রবাসজীবন শেষ করে দিতে পারে। সচেতন থাকুন, মাদক থেকে দূরে থাকুন।



