জিহাদকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে-ইসলামী ঐক্য আন্দোলন

ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা বলেছেন, ইসলামের অন্যতম বিধান জিহাদকে সন্ত্রাস হিসেবে চিহিৃত করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
সংগঠনের মহানগর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।
বক্তব্য রাখেন, নায়েবে আমির মাওলানা রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখওয়াত হুসাইন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা গোলাম সরওয়ার দলিল, মাওলানা আবুবকর সিদ্দিক, ছাত্রনেতা আবদুর রহমান প্রমূখ।
মানববন্ধনে নেতারা আরো বলেন, অন্যায়ভাবে মানুষ মারা কোনো অবস্থাতেই জিহাদ নয়; বরং ইসলামের জিহাদের মাধ্যমে মজলুম জনতা মুক্তি পেয়েছে পৃথিবীর দেশে দেশ। সে জিহাদ পরিচালিত হবে রাষ্ট্রের পক্ষ থেকে; রাষ্ট্রক্ষমতার বাইরে বিনা বিচারে মানুষ হত্যা করার নাম জিহাদ নয়, সন্ত্রাস।
নেতারা আরো বলেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসরাইল ও আমেরিকার এজেন্ট। ইসলামী স্টেটের নামে যারা দেশে দেশে মানুষ হত্যা করছে তারাই বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে।
তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও ইসলামী চেতনা নিশ্চিহৃ করার জন্য ইসরাইল ও আমেরিকা আমাদের এক শ্রেণীর যুবকের ঘাড়ে সওয়ার হতে চায়। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান সংগঠনের নেতারা। খবর বিজ্ঞপ্তির।



