
শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী রাফসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার উত্তর পুটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান
উত্তর পুটাইল গ্রামের সৌদি প্রবাসী মো. সুমন মিয়ার একমাত্র সন্তান।
জানা গেছে, সুমন মিয়া প্রায় যাবৎ প্রবাসে আছেন, প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরেও পরিবারের
সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এ সময় সবার অজান্তে ছোট্ট রাফসান ঘর থেকে বেরিয়ে যায়।
প্রবল বৃষ্টির মধ্যে শিশুটি বাইরে চলে গেলেও তা কারও নজরে পড়েনি।
পরিবারের লোকজন বৃষ্টি থামার পর রাফসানকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান
অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে রাফসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ডা. সুজন মিয়ার কাছে নেওয়া হয়। সেখান
থেকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা
করেন।
রাফসানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




