বুলাওয়ে টেস্ট ২৫৪ রানে জিতলো নিউজিল্যান্ড
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্ট ২৫৪ রানের বড় ব্যবধানে জিতলো সফরকারী নিউজিল্যান্ড। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড রানে জিতলো কিউইরা। বড় ফরম্যাটে রানের হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে নিউজিল্যান্ডের জয় ছিলো ১৭৭ রানে। দ্বিতীয় টেস্ট জিতে যাওয়ায় সিরিজ ২-০ ব্যবধানেও জিতে নিলো নিউজিল্যান্ড।
ম্যাচের চতুর্থ দিনই টেস্ট জয়ের জন্য জিম্বাবুয়েকে ৩৮৭ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। এ দিনই ৫৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তাই ম্যাচ জয়ের স্বপ্নই দেখছিলো কিউইরা।
সেই স্বপ্ন পঞ্চম দিনে পূরণ করতে খুব বেশি সময় নেয়নি নিউজিল্যান্ড। লাঞ্চ বিরতির পরপরই জিম্বাবুয়ের ইনিংস ১৩২ রানেই থামিয়ে দেয় কিউইরা। এই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার প্রমান দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৩৬২ রান করা দলটির ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে পুরোপুরিই ব্যর্থ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন টিনো মাওয়াইয়ো। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে প্রথম ইনিংসে ১৪৬ রান করা ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ইশ সোদি ও মার্টিন গাপটিল। ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সিরিজ সেরা হন নেইল ওয়াগনার