ঢাবি উপাচার্যের সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার ইয়ংহা গার্লস হাইস্কুলের ১৩ সদস্য বিশিষ্ট একটি শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করে।
কোরিয়ান কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক ডেভিড এ্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দং হু জ্যাং, সিওন হিউক জ্যাং, মিন ইয়ং হ্যান, মিন সিও ব্যাক, দা রা উ, জু ইয়ান বাইক, চু ইয়ন কিম, ইউ জিম ইয়াং, জি ওয়ান লি, লিন জিউন, জুম জি জাং এবং মালগিওল স্যাম চা।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
পরে, কোরিয়া প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচীতে যোগ দেন। বাসস




