নতুন দুই সিনেমায় সাইমন

নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন। একটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এতো প্রেম এতো মায়া এবং অন্যটি সজল পরিচালিত তুই আমার। দুটি সিনেমায় তার বিপরীতে আছেন পিয়া বিপাশা ও মিষ্টি জান্নাত।
দুটি সিনেমারই শুটিং চলছে। এর মধ্যে ঢাকার অদূরে নবাবগঞ্জে প্রথম লটের শুটিং শেষে সাইমন গত ২৮ আগস্ট পর্যন্ত ব্যস্ত ছিলেন তুই আমার সিনেমার শুটিং নিয়ে। সেদিন বিএফডিসিতে সিনেমাটির দৃশ্য ধারণ হয়।
নতুন দুটি সিনেমা নিয়ে সাইমন বলেন, দুটি সিনেমার গল্পে নতুনত্ব আছে। সেই সাথে আমার চরিত্রেও আছে ভিন্নতা। সত্যি বলতে কী এখন গল্পে নতুনত্ব খুঁজে পাওয়াই যেন কঠিন। তারপরও এই দুটি সিনেমার গল্প যারা লিখেছেন তারা চেষ্টা করেছেন নতুনত্ব আনতে। সিনেমার ধারাবাহিক ফর্মুলা থেকে নির্মাতারাও বের হয়ে আসার চেষ্টা করছেন। দুটি সিনেমায়ই গান আছে শ্রোতা দর্শকের ভালোলাগার মতোই।
এদিকে এরই মধ্যে সাইমন অভিনীত পি এ কাজল পরিচালিত চোখের দেখা সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে। আসছে ১৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সাইমন নিজেই। এতে তার বিপরীতে আছেন অহনা। পাশাপাশি আইরিনের বিপরীতে আকাশ পরিচালিত মায়াবিনী সিনেমাটি চলতি সপ্তাহেই সেন্সরে যাবে।
সাইমন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল এ জে রানার সবার অজান্তে। এতে তার বিপরীতে ছিলেন আলিশা প্রধান। সাইমন অভিনীত মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে জাকির হোসেন রাজুর জ্বি হুজুর, পোড়ামন, সাফিউদ্দিন সাফির ব্ল্যাকমানি, অপূর্ব রানার পুড়ে যায় মন। এসব সিনেমায় তার বিপরীতে ছিলেন সারা জেরিন, মাহিয়া মাহি, কেয়া-মৌসুমী হামিদ ও পরীমনি। সুত্র: নয়া দিগন্ত




