বদরগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক পরিবেশ সম্পাদকসহ ১৪ জনেরবিরুদ্ধে উত্তমের উকিল নোটিশ
রাহুল সরকার : বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক পরিবেশের সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক, সম্পাদক মণ্ডলীর সভাপতি এসএম বদরুদ্দোজা ও স্টাফ রিপোর্টার এবং বদরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম পান্নাসহ ১১ পৌর কাউন্সিলের বিরুদ্ধে উকিল নোটিশ করা হয়েছে। রংপুর জজকোর্টের আইনজীবী শামীমা আখতার শিরিন ওই উকিল নোটিশ প্রেরণ করেছেন।
এঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বদরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি মাহফুজার রহমান, সহসভাপতি আলতাফ হোসেন দুলাল, রুহুল আমিন সরকার, সাধারণ সম্পাদক ছাইদুল হক সাথী, সাংগঠণিক সম্পাদক আশরাফুল আলম আপন, নির্বাহী সদস্য ও দৈনিক নবসুচনা সম্পাদক সরওয়ার চৌধুরী জুন, হেমন্ত সরকার, মাসুদ রানা, জাহিদুল হক সর্দার প্রমুখ। বৃহস্পতিবার রাতে এক জরুরী সভা শেষে বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা ১১ জন পৌর কাউন্সিলরের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সাহসের সাথে একের পর এক সংবাদ প্রকাশ করছেন। এতে তিনি বেকায়দায় পড়বেন বিধায় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে উকিল নোটিশ প্রেরণের মত এমন অপকৌশলের আশ্রয় নেয়া হয়েছে। তারা বলেন, পৌর মেয়রের বিরুদ্ধে আনা কাউন্সিলরদের সকল অভিযোগের তদন্ত হতে হবে। তা’ নাহলে তিনি আরো বেপরোয়া হয়ে উঠবেন। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে উকিল নোটিশ প্রত্যাহারসহ সকল অপকর্মের জন্য বদরগঞ্জ পৌরবাসীর কাছে পৌর মেয়রকে ক্ষমা চাওয়ার আহবান জানান। এর অন্যথা হলে ঈদের পরে পৌর মেয়রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রেসক্লাবের সাংবাদিকরা হুঁশিয়ার করেন।
এদিকে পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর খোকন কুমার দাস বলেন, দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা পেতে পৌর মেয়র উত্তম কুমার সাহা এমন অপকৌশলের আশ্রয় নিয়েছেন। তবে পৌর কাউন্সিলররা এতে ভীত নয়। কারণ মামলা-হামলাসহ অনেক ধরণের ষড়যন্ত্রের কথা মাথায় রেখেই পৌর কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। এতে পৌর কাউন্সিলরদের আনা অভিযোগ মিথা প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে কাউন্সিলররা তা’ মাথা পেতে নেবে। আর উত্তম কুমার সাহা অপরাধি প্রমাণিত হলে তারও যেন কঠোর শাস্তি হয় সে দাবীও করছি।




