মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ‘উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত কমিটির কার্যপরিধি অনুযায়ী হাসপাতালের চিকিৎসাসেবার মান ও পরিমাণ বৃদ্ধি, চিকিৎসক ও কর্মচারীদের দায়িত্ব পালন তদারকি, ওষুধের যথাযথ বিতরণ, চিকিৎসা সরঞ্জাম সচল রাখা এবং হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়গুলো সভায় গুরুত্ব পায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এইচ.এম. হাবিবুর রহমান।
উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে নতুন একটি আল্ট্রাসাউন্ড মেশিন ও সাবমারসিবল পাম্প সহ একটি ডিপ টিউবওয়েলের ব্যাবস্থা করে দেওয়া হবে বলে আশ্সব দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু ।
উপস্থিত ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খান, আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.ইলিয়াস হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমন মল্লিক এবং মেডিকেল অফিসার (এমসিএইচ) ডা. মো. মাসুম খান, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা জোরদারসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে কিছু প্রস্তাবনা দেন। চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, রোগীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, আল্ট্রাসাউন্ড মেশিন স্থাপন, অপারেশন থিয়েটার চালু, সরকারি ওষুধের সরবরাহ বৃদ্ধির প্রস্তাব দেন সদস্যরা।
সদস্যদের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে নলছিটি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যদের মধ্যে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি শৈলেন্দ্র নাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি মো. রুস্তম আলী খলিফা, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাচ্ছুম এবং নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, মহিলা দলের সভাপতি মোনোয়ারা বেগম, নলছিটি পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোহসীন সভায় উপস্থিত ছিলেন।
সভা শুরুর পূর্বে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষরোপণ করেন সভাপতি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইনডোর-আউটডোর বিভাগ ও চিকিৎসকদের চেম্বার পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের নির্দেশ দেন।