sliderরাজনীতিশিরোনাম

নয়াপল্টনে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজা পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন। জানাজা শেষে দলের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন। শাওন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
গায়েবানা জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাত ২টায় পুলিশি পাহারায় যুবদল নেতা শাওনের মরদেহ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।
তিনি বলেন, কিছুদিন আগেই ভোলায় আমাদের ২ জন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে। গতকাল নারায়ণগঞ্জে শাওন শাহাদত বরণ করেছে। অথচ আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। শাওনের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। গণতন্ত্রের জন্য শাওন শাহাদত বরণ করেছে।
আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
শুক্রবার বাদ জুমা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা নামাজে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, বেনজীর আহমেদ টিটো, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাহবুবুর রহমান মাহবুব, রফিকুল আলম মজনু, আমিনুল হক, খন্দকার আবু আশফাক, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, ডা. জাহেদুল কবির জাহিদ, ২০ দলীয় জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির ক্বারী আবু তাহেরসহ কয়েক শত নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button