
মো: শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ সংস্কার কাজের উদ্বোধন করেন।
এর আগে বেলা ১২টায় নলছিটি থানা পরিদর্শন শেষে নলছিটি পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে নলছিটি পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সরকারি খাসজমি উদ্ধার কার্যক্রম জোরদার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন।
এ সময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রিজভী আহমেদ সবুজ, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনসহ নলছিটি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



