ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের প্রভাবে সৃষ্টি বন্যায় যুক্তরাষ্ট্রে ৩৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কয়েকটি অংশে ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের প্রভাবে প্রবল বন্যা সৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমাণে প্রায় ৩০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্থ জনজীবন। এখন পর্যন্ত নিহত কমপক্ষে ৩৫ জন।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর প্যাট ম্যাকক্রোরির বরাত দিয়ে বিবিসি বলছে, আগামী ৭২ ঘন্টায় রাজ্যের ওই অংশগুলোর বন্যা পরিস্থিতি আরো বিপজ্জনক পর্যায়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই রাজ্যের ৩১টি কাউন্টিকে ‘বড় ধরনের’ দুর্যোগকবলিত এলাকা বলে ঘোষণা করেছেন। তিনি সকলকে নিরাপদ আশ্রয়ে সাবধানে থাকতে বলেছেন।
জানা গেছে, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নদীগুলো পানিতে ফুলেফেঁপে উঠেছে। বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। কয়েকটি নদীর পানি রেকর্ডের পর্যায়ে গেছে। রাজ্যে ম্যাথিউয়ের আঘাত এবং পরিস্থিতির অবনতিতে বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন মারা গেছে। এরমধ্যে এই রাজ্যেরই বাসিন্দা ১৭ জন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটির পূর্বাঞ্চল দিয়ে আড়াআড়িভাবে বয়ে যাওয়া ৯৫ নম্বর আন্তঃঅঙ্গরাজ্যরে মহাসড়ক এবং কাছাকাছি প্রধান সড়কগুলো বন্যার কারণে বন্ধ রাখা হয়েছে। রাজ্যের গভর্নর, এলাকার বাসিন্দাদের নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গাড়ি নিয়ে পানি দুর্ভোগের এলাকাগুলোতে চলাচল না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত অনেক প্রাণ হানি ঘটেছে। আমরা আর কাউকে হারাতে চাই না।’
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে দুই হাজার সাধারণ মানুষকে উদ্ধার করেছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে আছেন কমপক্ষে চার হাজার মানুষ। রাজ্যটির প্রায় ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে নেই বিদ্যুৎ।




