
বড় ভাই মাহিন্দ্রা রাজাপাকসকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে রাজি হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশের রাজনৈতিক অচলাবস্থার প্রতিকার করতে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গড়তে হবে, তা থেকেই দাদা মাহিন্দাকে সরাতে রাজি হলেন ভাই গোতাবায়া।
প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর বিধায়ক মৈত্রীপালা সিরিসেনা জানালেন, ‘সংসদের সমস্ত দল নিয়ে একটি নতুন মন্ত্রিসভা গড়তে এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ন্যাশনাল কাউন্সিল গড়তে রাজি হয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।’
এই সিরিসেনাও শাসকদেরই বিধায়ক ছিলেন, কিন্তু শ্রীলঙ্কায় তুমুল অর্থনৈতিক সঙ্কটের পর প্রায় ৪০ জন বিধায়ককে নিয়ে দল ছাড়েন। বিদেশী ঋন, একের পর এক লকডাউন, মুদ্রাস্ফীতি, জ্বালানি তেলের অভাব ইত্যাদি কারণে দেশটির অর্থনীতি ধসে পড়েছে। এই বছরেই বৈদেশিক দেনা মেটাতে হবে অন্তত ৭০০ কোটি ডলার। ২০২৬ সালের মধ্যে মেটাতে হবে ২৫০০ কোটি ডলার।
শুধু কোভিডকে দোষ দিয়ে লাভ নেই। শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট শুরু হয়েছিল করোনা ভাইরাসের আবির্ভাবের আগেই। তবে লকডাউনে অসংগঠিত ক্ষেত্রে চরম ক্ষতিকর প্রভাব পড়েছিল, যে সেক্টরে রয়েছে দেশের ৬০ শতাংশ কর্মশক্তি। শ্রীলঙ্কার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গত দুই বছরে ৭০ শতাংশ নিম্নগামী হয়েছে। যার ফলে আমদানিকৃত জরুরি পণ্যের (খাদ্য, জ্বালানি) দাম মেটাতে অসমর্থ হয়েছে দেশটির সরকার। তাই এবার রদবদলের পালা।
সূত্র : আজকাল



